পবিত্র মাহে রমজান শুরুর কয়েক দিন আগে রাজধানীর বাজারে লেবুর দাম কমতে শুরু করেছে। সরবতে ব্যবহৃত লেবু আজ ৬০ থেকে ৯০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তবে বেগুনের দাম রমজানের চাহিদার কারণে আজও শতক ছাড়িয়ে বিক্রি হচ্ছে।
আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ছোট আকারের লেবু ৬০ টাকায়, মাঝারি ৮০ টাকায় এবং বড় লেবু ৯০ টাকায় বিক্রি হচ্ছে। গতকাল একই পণ্য ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হয়েছিল।
বেগুনের দামের কথা উল্লেখ করে ব্যবসায়ীরা জানান, মোটা কালো লম্বা বেগুন কেজি প্রতি ১০০ থেকে ১২০ টাকা এবং চিকন লম্বা বেগুন ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। চিকন বেগুন বেশি চাহিদাসম্পন্ন হওয়ায় এর দাম তুলনামূলকভাবে বেশি।
কাঁচামরিচের দামও কমেছে; কেজি প্রতি এখন ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। এর আগে দাম ছিল ২০০ থেকে ২২০ টাকা।
বাজারে অন্যান্য সবজির দামও কিছুটা কমেছে। আলু বিক্রি হচ্ছে ২০ টাকা প্রতি কেজি, করলা ১২০ টাকা, বরবটি ৮০ টাকা, মুলা ৫০ টাকা, লতি ৮০ টাকা এবং ধুন্দুল ৬০ টাকায়। পেঁপে ৪০-৫০ টাকা, গাজর ৩০-৪০ টাকা, কচুরমুখী ৮০ টাকা, শিম ৭০-৮০ টাকা এবং শালগম ৪০-৫০ টাকায় মিলছে।
ফুলকপি প্রতি পিস ৪০-৫০ টাকা, বাঁধাকপি ৩০-৪০ টাকা, লাউ প্রতি পিস ৫০-৬০ টাকা, ধনেপাতা ও পুদিনাপাতা ১০ টাকা আঁটি, লালশাক ১০ টাকা, পুঁইশাক ২০-৩০ টাকা এবং ডাঁটাশাক, কলমি শাক ও পালংশাক প্রতি আঁটি ১০ টাকা দরে বিক্রি হচ্ছে। লাউ শাক ৩০-৪০ টাকা আঁটি বিক্রি হচ্ছে।
বাজারে শীতকালীন সবজির সরবরাহ পর্যাপ্ত থাকলেও রমজান উপলক্ষে ইফতারের সবজির দাম কিছুটা বেড়ে গেছে। ব্যবসায়ীরা আশা করছেন, আগামী দু-তিন দিনের মধ্যে দাম স্বাভাবিক হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!