জাতীয়

মার্চে বসতে পারে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন

আপডেট: ফেব ২২, ২০২৬ : ০৫:১৩ এএম
মার্চে বসতে পারে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ বা এর দু–এক দিন আগে বসতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশসমূহ উপস্থাপন এবং শোক প্রস্তাব গ্রহণ করা হবে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই–তৃতীয়াংশ আসনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বিরোধী দল হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংসদ নেতা নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা নির্বাচিত হয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী তিনি এ অধিবেশন আহ্বান করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের গেজেট ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত হয়। সে হিসাবে আগামী ১৪ মার্চের মধ্যে প্রথম অধিবেশন বসতে হবে। নির্বাচিত সদস্যরা ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণ করেছেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!