রাজধানীর ঢাকা-৬ আসনে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, ফুটপাত দখলমুক্ত করা, যানজট নিরসন ও মাদক নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
শনিবার প্রতিমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে এলাকায় সার্বিক নিরাপত্তা জোরদার এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে করণীয় বিষয়ে আলোচনা হয়। ফুটপাত দখলমুক্ত রেখে পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং যানজট কমাতে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) ও ট্রাফিক বিভাগ, ওয়ারী বিভাগের উপকমিশনার ও ট্রাফিক বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া কোতোয়ালি, সূত্রাপুর ও গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারাও অংশ নেন।
সভায় মাদকবিরোধী অভিযান জোরদার, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং সড়কে ট্রাফিক আইন প্রয়োগে কঠোরতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, নাগরিকদের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা জরুরি। এ লক্ষ্যে প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, ঢাকা-৬ আসনকে বাসযোগ্য ও নাগরিকবান্ধব এলাকায় পরিণত করতে ভবিষ্যতেও এ ধরনের সমন্বয় সভা অব্যাহত থাকবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!