জাতীয়

বগুড়া ও শেরপুরের উপনির্বাচনের সম্ভাব্য তারিখ জানাল ইসি

আপডেট: ফেব ২২, ২০২৬ : ০৮:১২ এএম
বগুড়া ও শেরপুরের উপনির্বাচনের সম্ভাব্য তারিখ জানাল ইসি

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন আগামী ১৪ এপ্রিলের আগেই অনুষ্ঠিত হবে।  আজ রোববার (২২ ফেব্রুয়ারি) ইসি সূত্রে এ তথ্য জানা গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

তিনি একই সঙ্গে ঢাকা-১৭ আসনেও নির্বাচিত হওয়ায় ১৬ ফেব্রুয়ারি বগুড়া-৬ আসনের প্রতিনিধিত্ব ছেড়ে দেওয়ার জন্য কমিশনে ঘোষণাপত্র দাখিল করেন। ফলে ওই আসন শূন্য ঘোষণা করা হয়।

এ ছাড়া, গত ৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টার দিকে কিডনিজনিত রোগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় ওই আসনের সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছিল।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে বিএনপি জোট ২১২টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্য শরিকরা ৩টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭টি আসন পেয়ে বিরোধী দলের আসনে বসেছে। স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি আসনে বিজয়ী হয়েছে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!