জাতীয়

গণঅভ্যুত্থান ছাত্রদের, সুফল পাচ্ছে অন্যরা: নাহিদ ইসলাম

আপডেট: ফেব ২৭, ২০২৬ : ০৪:৩৫ এএম
গণঅভ্যুত্থান ছাত্রদের, সুফল পাচ্ছে অন্যরা: নাহিদ ইসলাম

চব্বিশের গণঅভ্যুত্থান ছাত্রসমাজের নেতৃত্বে হলেও তার সুফল নানা রাজনৈতিক দল ভোগ করছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর অভিযোগ, আন্দোলনে ছাত্রদের অবদান সবচেয়ে বেশি হলেও বারবার তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট-এ জাতীয় ছাত্রশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

সংস্কার পরিষদের শপথ ইস্যু নিয়ে তিনি বলেন, নির্ধারিত দিনে শপথ গ্রহণ না করে সংশ্লিষ্ট ব্যক্তিরা গণভোট ও জনগণের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। একই দিনে শপথ গ্রহণের যে জনাদেশ ছিল, তা অমান্য করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, সংস্কার পরিষদের শপথ না হলে জাতীয় সংসদেরও কোনো মূল্য থাকে না। জনগণ কেবল ব্যক্তি পরিবর্তনের জন্য নয়, স্বৈরাচারী কাঠামোর পতন ও রাষ্ট্রীয় সংস্কারের প্রত্যাশায় ভোট দিয়েছে। কিন্তু বর্তমান সরকার বিচার, সংস্কার ও অর্থনৈতিক অনিয়মের প্রশ্নে জনআকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম-কে অপসারণের ঘটনায় বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে ঋণখেলাপিদের পুনর্বাসনের অভিযোগ তুলে সরকারের সমালোচনা করেন তিনি।

সংসদে কথা বলার পরিবেশ না থাকলে আন্দোলন রাজপথে গড়াতে পারে বলেও হুঁশিয়ার করেন নাহিদ ইসলাম। এ সময় তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে যোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়ার আহ্বান জানান।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!