২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি (জিডিপি বৃদ্ধির হার) দাঁড়িয়েছে ৩.৪৯ শতাংশ। মঙ্গলবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত চূড়ান্ত হিসাব অনুযায়ী এ তথ্য জানা গেছে।
এর আগের অর্থবছর ২০২৩-২৪ এ প্রবৃদ্ধি ছিল ৪.২২ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরে প্রবৃদ্ধির হার ছিল ৫.৭৮ শতাংশ। জিডিপি বা মোট দেশজ উৎপাদন বলতে বোঝায় একটি নির্দিষ্ট সময়ে দেশের উৎপাদিত সব ধরনের পণ্য ও সেবার চূড়ান্ত মূল্য।
বিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২,৭৬৯ মার্কিন ডলার। এর আগের অর্থবছর (২০২৩-২৪) মাথাপিছু আয় ছিল ২,৭৩৮ মার্কিন ডলার, অর্থাৎ এক বছরে ৩১ ডলারের বৃদ্ধি হয়েছে।
এর আগে সর্বোচ্চ মাথাপিছু আয় ছিল ২০২১-২২ অর্থবছরে ২,৭৯৩ মার্কিন ডলার। পরবর্তী বছরগুলোতে ডলারের মান বৃদ্ধির কারণে মাথাপিছু আয় ডলারে বাড়েনি। ২০২২-২৩ অর্থবছরে এটি কমে দাঁড়ায় ২,৭৪৯ ডলার এবং ২০২৩-২৪ অর্থবছরে ২,৭৩৮ ডলার।
বিবিএস জানিয়েছে, মাথাপিছু আয়ের পার্থক্য মূলত ডলার বিনিময় হার বৃদ্ধির কারণে। ২০২৪-২৫ অর্থবছরের হিসাবের জন্য গড় বিনিময় হার ধরা হয়েছিল ১২০.৮২ টাকা প্রতি ডলার। এর আগের অর্থবছর ২০২৩-২৪ এ এই হার ছিল ১১১.০৬ টাকা।
জাতীয় হিসাব অনুযায়ী, গত অর্থবছরে (২০২৪-২৫) মাথাপিছু আয় টাকায় দাঁড়িয়েছে ৩,৩৪,৫১১ টাকা, যেখানে আগের অর্থবছরে এটি ছিল ৩,০৪,১০২ টাকা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!