জাতীয়

হজের পর ঢাকা-সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট পুনরায় চালু হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী

আপডেট: ফেব ২৭, ২০২৬ : ০৫:০৮ এএম
হজের পর ঢাকা-সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট পুনরায় চালু হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, ঢাকা-সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট স্থায়ীভাবে বন্ধ হয়নি। হজযাত্রী পরিবহনের কারণে সাময়িকভাবে ফ্লাইট স্থগিত রাখা হয়েছিল। হজ কার্যক্রম শেষ হওয়ার পর এই রুটে ফ্লাইট পুনরায় চালু হবে। অন্যান্য রুটেও সাময়িকভাবে ফ্লাইট সংখ্যা কমানো হয়েছিল।

তিনি বৃহস্পতিবার সিলেট জেলা আইনজীবী সমিতি আয়োজিত ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব তথ্য জানান। মন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ এবং আগামী পাঁচ বছরের প্রতিটি দিন এই প্রত্যাশা বাস্তবায়নে কাজ করবে।

আরিফুল হক চৌধুরী আরও জানান, প্রবাসী যাত্রীদের জন্য বিমানবন্দরে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে মন্ত্রণালয় কাজ করছে। আগামী রোববার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বিমানবন্দর পরিদর্শন ও সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী বলেন, শুধু সিলেট নয়, দেশের সব বিমানবন্দরে প্রবাসী যাত্রীদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা পর্যায়ক্রমে নিশ্চিত করা হবে।

ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী সুহেল। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তারা, আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!