জাতীয়

নবীন কর্মকর্তাদের মাঠমুখী উদ্যোগেই কৃষি সম্ভাবনা হবে অর্থনীতির শক্তি: কৃষিমন্ত্রী

আপডেট: ফেব ২৭, ২০২৬ : ০৫:২৮ এএম
নবীন কর্মকর্তাদের মাঠমুখী উদ্যোগেই কৃষি সম্ভাবনা হবে অর্থনীতির শক্তি: কৃষিমন্ত্রী

সঠিক পরিকল্পনা, দক্ষ ব্যবস্থাপনা এবং মাঠপর্যায়ে কার্যকর উদ্যোগের মাধ্যমে দেশের কৃষিপণ্যকে প্রধান রপ্তানি খাতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ, খাদ্য ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ।

তিনি বলেছেন, নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে কৃষির বিপুল সম্ভাবনা অর্থনৈতিক শক্তিতে রূপান্তরিত হবে; একই সঙ্গে খাদ্যনিরাপত্তা ও আর্থসামাজিক উন্নয়নও নিশ্চিত হবে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে ৪৪তম বিসিএস (প্রাণিসম্পদ) ক্যাডারের নবনিযুক্ত কর্মকর্তাদের পাঁচ দিনব্যাপী অবহিতকরণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশ বছরে চার থেকে আট মাস পর্যন্ত তুষারাচ্ছন্ন থাকে। সীমিত কৃষি মৌসুম থাকা সত্ত্বেও তারা কৃষিকে অর্থনীতির প্রধান ভিত্তি হিসেবে গড়ে তুলেছে। বাংলাদেশের অনুকূল জলবায়ু ও উর্বর মাটির কারণে সারা বছর উৎপাদনের সুযোগ থাকলেও প্রত্যাশিত অর্থনৈতিক সাফল্য অর্জনে আরও পরিকল্পিত উদ্যোগ প্রয়োজন।
তিনি বলেন, গরুর গোবর সঠিকভাবে প্রক্রিয়াজাত ও ব্যবহার করলে রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমবে, পরিবেশ দূষণ হ্রাস পাবে এবং মাটির উর্বরতা সংরক্ষিত থাকবে। “আমরা বিপুল অর্থ ব্যয় করে রাসায়নিক সার আমদানি করছি। অথচ গোবর যথাযথভাবে ব্যবহার করলে মাটি ও পরিবেশ দুটোই সুরক্ষিত রাখা সম্ভব,” বলেন তিনি।
নবীন কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, তাঁরা জনগণের সেবায় নিয়োজিত। দেশের প্রাকৃতিক ও কৃষি সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। সততা, দায়িত্ববোধ ও দক্ষতার সঙ্গে মাঠে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রাণিসম্পদ খাতের উন্নয়নে বর্তমান সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, গবাদিপশু পালনকারীদের ন্যায্যমূল্য নিশ্চিত করা, সহজ ঋণ ও বীমা সুবিধা প্রদান এবং বাজারজাতকরণে ‘ফার্মার্স কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করে এ খাতের প্রবৃদ্ধি ধরে রাখতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের। সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান। স্বাগত বক্তব্য দেন অধিদপ্তরের পরিচালক ড. মো. বয়জার রহমান। এ ছাড়া মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. বেগম সামিয়া সুলতানাসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মন্ত্রী মেধাবী নবীন কর্মকর্তাদের মধ্যে সনদ বিতরণ করেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!