জাতীয়

গণভোটের সংশোধিত ফলাফলের গেজেট প্রকাশ, ভোট কমল প্রায় ১০ লাখ

আপডেট: ফেব ২৭, ২০২৬ : ০৫:৩৬ এএম
গণভোটের সংশোধিত ফলাফলের গেজেট প্রকাশ, ভোট কমল প্রায় ১০ লাখ

২০২৪ সালের ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের জন্য অনুষ্ঠিত গণভোটের ফলাফলে বড় ধরনের সংশোধনী এনেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত গেজেট অনুযায়ী, পূর্বে ঘোষিত ফলাফলের তুলনায় ‘হ্যাঁ’ এবং ‘না’ উভয় ভোটের সংখ্যা কমেছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বৃহস্পতিবার স্বাক্ষরিত অতিরিক্ত গেজেটের মাধ্যমে এ তথ্য জানান। সংশোধিত ফলাফলে জানা গেছে, ‘হ্যাঁ’ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৯৮০, ‘না’ ভোট ২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ২৩১। মোট প্রদত্ত ভোটের সংখ্যা ৭ কোটি ৬৬ লাখ ২১ হাজার ৪০৭, যার মধ্যে বাতিল হয়েছে ৭৪ লাখ ৩৫ হাজার ১৯৬।

বাতিল ভোট বাদ দিয়ে মোট বৈধ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ২১১। আগের হিসাবের তুলনায় ‘হ্যাঁ’ ভোট কমেছে ৯ লাখ ৭৪ হাজার ৬৮০ এবং ‘না’ ভোট কমেছে ১ লাখ ১১ হাজার ৪৯৫। এছাড়া মোট প্রদত্ত ভোটের সংখ্যা প্রায় ১০ লাখ ৭৩ হাজার ৬১৬টি কমেছে।

নির্বাচন কমিশন সংশোধনের নির্দিষ্ট কারণ উল্লেখ করেনি। তবে কমিশনের আদেশক্রমেই সংশোধিত গেজেট প্রকাশ করা হয়েছে। এ গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদের সাংবিধানিক বৈধতা ও জনসম্মতি চূড়ান্ত করার কথা রয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!