জাতীয়

চাঁদাবাজি-টেন্ডারবাজিতে ‘জিরো টলারেন্স’, দলীয় পরিচয়েও ছাড় নয়: টাঙ্গাইলে মন্ত্রী

আপডেট: ফেব ২৭, ২০২৬ : ০৪:২৫ পিএম
চাঁদাবাজি-টেন্ডারবাজিতে ‘জিরো টলারেন্স’, দলীয় পরিচয়েও ছাড় নয়: টাঙ্গাইলে মন্ত্রী

চাঁদাবাজি, টেন্ডারবাজি ও অবৈধ দখলের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী প্রভাব খাটানোর চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। দলীয় পরিচয় থাকলেও কাউকে ছাড় দেওয়া হবে না।

আজ টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে বদ্ধপরিকর। প্রশাসনিক কাজে কোনো ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি বা দলীয় প্রভাব যাতে না পড়ে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।
প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার আহ্বান জানান তিনি। জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের কথাও বলেন।
মাদকবিরোধী কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও ইন্টারনেটভিত্তিক অপরাধ—বিশেষ করে অনলাইন জুয়া—থেকে রক্ষা করতে প্রশাসনকে আরও সজাগ থাকতে হবে। এ ক্ষেত্রে পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহযোগিতা চান তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দিয়ে ফকির মাহবুব আনাম বলেন, জনগণের আস্থা অর্জনের মাধ্যমে সরকার জনবান্ধব হতে চায়। মানুষ যেন মনে করে, তারা ভোট দিয়ে ভুল করেনি। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে টাঙ্গাইলকে আদর্শ জেলা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!