জাতীয়

টাঙ্গাইলে প্রতিমন্ত্রী টুকু: জনগণের কল্যাণে কাজ করছে সরকার, আস্থা রাখার আহ্বান

আপডেট: ফেব ২৭, ২০২৬ : ০৪:২৯ পিএম
টাঙ্গাইলে প্রতিমন্ত্রী টুকু: জনগণের কল্যাণে কাজ করছে সরকার, আস্থা রাখার আহ্বান

মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার জনগণের কল্যাণে কাজ করছে। সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশ পরিচালনায় আমরা নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালন করছি।’

আজ শুক্রবার বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে নবনির্বাচিত কার্যকরী পরিষদের পরিচিতি সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকার সংবাদপত্রের স্বাধীনতার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করছে এবং এ ক্ষেত্রে কোনো ধরনের হস্তক্ষেপ নেই। সাংবাদিকরা স্বাধীন ও নিরপেক্ষভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দেশের উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা প্রয়োজন।
তিনি বলেন, প্রান্তিক কৃষকদের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা তাৎক্ষণিক অর্থনৈতিক স্বস্তি পাবেন। কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সার, কীটনাশকসহ কৃষি উপকরণ সহজলভ্য ও সহনীয় মূল্যে সরবরাহে পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সরকারের অন্যান্য উদ্যোগ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সামাজিক নিরাপত্তা জোরদারে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও মাদকমুক্ত টাঙ্গাইল গড়তে প্রশাসন সমন্বিতভাবে কাজ শুরু করেছে। আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। উন্নয়ন কার্যক্রম ও জনস্বার্থসংশ্লিষ্ট উদ্যোগ যেন বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার এবং জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন। অনুষ্ঠানে সাংবাদিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!