শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, নির্বাচিত হওয়ার পর প্রতিহিংসার রাজনীতি নয়, প্রতিশ্রুতি অনুযায়ী চাঁদাবাজি বন্ধে কার্যক্রম শুরু হয়েছে। হাট-বাজার, লঞ্চঘাট ও খেয়াঘাটে অতিরিক্ত টাকা আদায় যেন না হয়, সে বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
গতকাল শুক্রবার পটুয়াখালীর গলাচিপা উপজেলা পরিষদ চত্বরে ‘সমতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে নাগরিক ভাবনা’ শীর্ষক উন্মুক্ত মতবিনিময় সভা ও গণ-ইফতারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, “আমরা প্রতিহিংসার রাজনীতি করিনি, কাউকে আঘাতও করিনি। ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের রাজনীতিতেই বিশ্বাস করি। সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন এগিয়ে নিতে চাই।”
তিনি বলেন, চরের জমিতে প্রকৃত কৃষকের মালিকানা নিশ্চিত করা এবং ব্যবসায়ীদের কাছ থেকে রাজনৈতিক পরিচয়ে চাঁদা আদায় বন্ধে উদ্যোগ নেওয়া হয়েছে। “আমখোলা তরমুজের ঘাট ও হরিদেবপুর উন্মুক্ত করে দেওয়া হয়েছে। কেউ যেন মানুষকে জিম্মি করে অর্থ আদায় করতে না পারে, সে বিষয়ে কাজ চলছে,” বলেন তিনি।
প্রতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় মাদক ও জুয়ার বিরুদ্ধে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কঠোর অবস্থান নেওয়া হবে। যুবসমাজকে কর্মসংস্থানে যুক্ত করতে পরিকল্পনা প্রণয়ন চলছে বলেও উল্লেখ করেন তিনি।
গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদ ও বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতারে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার উপজেলায় আসায় স্থানীয় নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!