মহিলা ও শিশু বিষয়ক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা নাটোরে পৌঁছেছেন। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তার আগমনে উচ্ছ্বাসে ভাসছেন।
আজ শনিবার সকাল ১১টায় নাটোর সার্কিট হাউসে পৌঁছান ফারজানা শারমিন। জেলা পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত দুই দিনের সরকারি সফরে থাকবেন প্রতিমন্ত্রী।
সফরসূচি অনুযায়ী, তিনি সকাল ৫টায় ঢাকার বনশ্রী থেকে সড়ক পথে নাটোরের উদ্দেশ্যে রওনা দেন। নাটোরে পৌঁছে সার্কিট হাউজে জেলা কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। এরপর দুপুর ১টায় লালপুরে যাত্রা করবেন এবং ২টায় গৌরীপুর হাইস্কুল মাঠে আয়োজিত গণসংবর্ধনায় যোগ দেবেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে লালপুরে নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন।
সফরের দ্বিতীয় দিন রোববার, সকাল ১০টায় গোপালপুর সুগার মিলের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এরপর বাগাতিপাড়া উপজেলার উদ্দেশ্যে রওনা হবেন এবং স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। নির্ধারিত কর্মসূচি শেষে রাত ৮টায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন এবং রাত ১২টার দিকে ঢাকায় পৌঁছাবেন।
নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ বলেন, “ফারজানা শারমিন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটিই তার প্রথম নাটোর সফর। আমরা আশা করছি, তার নেতৃত্বে এলাকার দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা দূর হবে এবং জনপদের কল্যাণে তিনি বলিষ্ঠ ভূমিকা রাখবেন। দলমত নির্বিশেষে সবাই তাকে উষ্ণ অভ্যর্থনা জানাতে প্রস্তুত।”
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!