বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদের জন্য ১০০ নম্বরের পূর্ণাঙ্গ পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। এবার এই নিয়োগে ৮০ হাজারের বেশি শিক্ষক আবেদন করেছেন। লিখিত পরীক্ষা আগামী ১৭ ও ১৮ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) চেয়ারম্যান আমিনুল ইসলাম।
এনটিআরসিএ জানিয়েছে, এবারের নিয়োগ প্রক্রিয়া প্রথমবারের মতো প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে পরিচালিত হচ্ছে। ২৯ জানুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং ৩ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়েছে। সবচেয়ে বেশি আবেদন এসেছে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদে।
নিয়োগ পরীক্ষা মোট ১০০ নম্বরের হবে। এর মধ্যে ৮০ নম্বর এমসিকিউ ভিত্তিক লিখিত পরীক্ষার জন্য, ১২ নম্বর শিক্ষাগত যোগ্যতার সনদের জন্য এবং ৮ নম্বর মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত। লিখিত পরীক্ষা এক ঘণ্টার হবে এবং এতে ৮০টি নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরে ১ নম্বর এবং ভুল উত্তরে ০.২৫ নম্বর কেটে যাবে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। প্রতিটি অংশে উত্তীর্ণ হতে কমপক্ষে ৪০ শতাংশ নম্বর অর্জন বাধ্যতামূলক। প্রার্থীদের যোগ্যতা ও অভিজ্ঞতা যাচাইয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুসরণ করা হবে।
এনটিআরসিএ ২০০৫ সাল থেকে শিক্ষক নিবন্ধন পরীক্ষা আয়োজন করে আসছে এবং ২০১৬ সাল থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলের শিক্ষক ও প্রভাষক নিয়োগে সুপারিশ প্রদান করে আসছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!