নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, এই ঈদ যাত্রা অন্য যেকোনো সময়ের তুলনায় স্বস্তির ও নিরাপদ হবে। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএ’র নির্মাণাধীন ভবন পরিদর্শনের সময় তিনি এই মন্তব্য করেন।
মন্ত্রী জানান, ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট এড়াতে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া যাত্রীদের ঠকানো বা অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
নদীপথে দূষণ ও চাঁদাবাজির অভিযোগের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। তিনি নারায়ণগঞ্জের দীর্ঘদিন স্থগিত থাকা ডাবল লাইন প্রকল্প দ্রুত এগিয়ে নেওয়ার আশ্বাসও দেন।
মন্ত্রী আরও জানান, লাইটার জাহাজে গমসহ প্রয়োজনীয় পণ্য খালাস না করে মজুত রাখার অভিযোগ পাওয়া গেছে। এতে কৃত্রিম সংকট সৃষ্টি হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই কিছু প্রমাণ মিলেছে এবং সংশ্লিষ্টদের ব্যাখ্যা চাওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, নৌপরিবহন সচিব ড. নুরুন নাহার চৌধুরী, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান রিয়াল এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!