জাতীয়

বিমানবন্দরে আটকা পড়া যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট: মার্চ ০১, ২০২৬ : ০৫:০৪ এএম
বিমানবন্দরে আটকা পড়া যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় উত্তেজনা ও যুদ্ধাবস্থার কারণে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত হওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন। তাদের মধ্যে বড় অংশ প্রবাসী ও ইউরোপ–আমেরিকার কানেক্টিং ফ্লাইটের যাত্রী।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বিমানবন্দরে যাত্রীদের খোঁজখবর নেন। তিনি তাদের সমস্যার কথা শুনেন এবং সহায়তার ব্যবস্থা তদারকি করেন।

সংবাদ সম্মেলনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ফোন করে বিমানবন্দর পরিস্থিতি এবং যাত্রীদের ভোগান্তি সম্পর্কে জানতে চান। মন্ত্রী তাকে আশ্বস্ত করেন যে, মন্ত্রণালয় ও সিভিল এভিয়েশন যৌথভাবে যাত্রীদের থাকার ও খাওয়ার ব্যবস্থা করছে।

মন্ত্রী জানান, তাদের ব্যবস্থাপনায় ৫০ জন যাত্রীর থাকার ব্যবস্থা করা হয়েছে, আর সিভিল এভিয়েশন আরও ৮০০ জনের থাকার ব্যবস্থা নিশ্চিত করেছে। এছাড়া ওমানের মাস্কাটের ফ্লাইটের জন্য সিলেট থেকে ৫৩ জন যাত্রী ঢাকায় এসেছিলেন; ফ্লাইট বাতিল হওয়ায় তাদের হোটেলে থাকার ও সেহরির ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল তাদের এসি বাসে সিলেটে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।

প্রসঙ্গত, ইরানসহ মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ থাকায় শনিবার বিকেল থেকে ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল করা হয়। ফলে বিমানবন্দরে যাত্রীদের চরম ভোগান্তি তৈরি হয় এবং পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল অনিশ্চিত রয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!