মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ আজ রোববার (১ মার্চ) জানায়, চলমান যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন এয়ারফিল্ড ও ফ্লাইট ইনফরমেশন রিজিয়ন সাময়িকভাবে বন্ধ থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা না পাওয়া পর্যন্ত ফ্লাইট পরিচালনা স্থগিত থাকবে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, আগমনী ৭টি এবং বহির্গমণ ৩টি ফ্লাইটসহ মোট ১০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিমানের কর্মকর্তারা জানান, আজ সকাল ৭টা ৩০ মিনিটে মাস্কাট থেকে চট্টগ্রামে অবতরণের কথা ছিল সালাম এয়ারের ফ্লাইট ওভি-৪০১, এবং সকাল ৮টা ৩০ মিনিটে চট্টগ্রাম থেকে মাস্কাটের উদ্দেশ্যে ওভি-৪০২ ফ্লাইটও বাতিল করা হয়েছে।
গতকাল শনিবারও বাতিল হয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৭ ঢাকা-চট্টগ্রাম-দুবাই, বিজি-১৫১ ঢাকা-চট্টগ্রাম-শারজাহ, এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৩৩ ঢাকা-চট্টগ্রাম-দোহা ফ্লাইট। আগমনী ফ্লাইটগুলোর মধ্যে বাতিল হয়েছিল এয়ার আরাবিয়ার জি৯-৫২০ শারজাহ-চট্টগ্রাম, ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৪৪ দুবাই-চট্টগ্রাম, ও সালাম এয়ারের ওভি-৪০৩ মাস্কাট-চট্টগ্রাম।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানিয়েছেন, আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হলেও অভ্যন্তরীণ ফ্লাইট সচল রাখা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নতুন নির্দেশনা পাওয়া গেলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
তিনি যাত্রীদের পরামর্শ দিয়েছেন, অপ্রয়োজনীয় ভোগান্তি এড়াতে ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইনস বা বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য জেনে নিন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!