জাতীয়

জুলাই যোদ্ধাদের ভাতা ও পুনর্বাসনে সরকার আন্তরিক: হাফিজ উদ্দিন

আপডেট: মার্চ ০২, ২০২৬ : ০৮:২৩ এএম
জুলাই যোদ্ধাদের ভাতা ও পুনর্বাসনে সরকার আন্তরিক: হাফিজ উদ্দিন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, জুলাইয়ের আহত যোদ্ধা ও শহীদ পরিবারের কল্যাণে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং এ বিষয়ে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিচ্ছেন।

আজ সোমবার (২ মার্চ) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

মন্ত্রী জানান, আহত যোদ্ধাদের ক, খ, গ—এই তিন শ্রেণিতে ভাগ করে মাসিক ভাতা নির্ধারণ করা হয়েছে। ক শ্রেণির জন্য প্রায় ২০ হাজার টাকা, খ শ্রেণির জন্য ১৫ হাজার টাকা এবং গ শ্রেণির জন্য নির্ধারিত হারে ভাতা দেওয়া হচ্ছে। শহীদ প্রতিটি পরিবারকে ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে।

জুলাইয়ের সংগ্রামে আহত ও শহীদ পরিবারগুলোর কল্যাণে ‘জুলাই গণঅভ্যুত্থান পরিদপ্তর’ গঠন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও কল্যাণে বিভিন্ন স্কিম নেওয়া হয়েছে। স্কুল পড়ুয়া শহীদ পরিবারের সন্তানদের শিক্ষাভাতা দিয়ে আবার পড়াশোনায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া হাত-পা হারানো বা কর্মক্ষমতা কমে যাওয়া যোদ্ধাদের জন্য ছোট ব্যবসা চালুর সুযোগ সৃষ্টির বিষয়ে আলোচনা চলছে।

মন্ত্রী আরও জানান, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধার সংখ্যা প্রায় এক লাখ ছিল, পরবর্তী সময়ে তা বেড়ে আড়াই লাখে দাঁড়িয়েছে। ভুয়া মুক্তিযোদ্ধাদের কারণে অসঙ্গতি তৈরি হওয়ায় ইতোমধ্যে ৩০০ জনকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। প্রকৃত মুক্তিযোদ্ধাদের সকল সুবিধা নিশ্চিত করতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল কাজ করছে। ভুয়া মুক্তিযোদ্ধাদের অন্যায়ভাবে প্রাপ্ত আর্থিক সুবিধা পুনরুদ্ধারেরও ব্যবস্থা নেওয়া হবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!