পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা কামনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিন-ইচি সাক্ষাৎ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু ও অন্যতম বৃহৎ উন্নয়ন অংশীদার। দেশের মেট্রোরেল প্রকল্প ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পে জাপান সহায়তা করেছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপান কার্যকর ভূমিকা রাখতে পারে।
বৈঠকে দু’দেশের মধ্যে আইনশৃঙ্খলা, নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
জাপানি রাষ্ট্রদূত বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সেফটি প্রজেক্ট ইতিমধ্যে শেষ হয়েছে এবং পুলিশসহ অন্যান্য ক্ষেত্রে আরও সহযোগিতা করতে তারা আগ্রহী। এছাড়া চলতি বছর হলি আর্টিজান হামলার দশ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশে অবস্থানরত জাপানি নাগরিকদের নিরাপত্তা বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন করেন রাষ্ট্রদূত।
স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব আরোপের আশ্বাস দেন। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা এবং জাপান দূতাবাসের বিভিন্ন সচিব উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!