জাতীয়

উপনির্বাচনকে সামনে রেখে বগুড়ায় প্রধানমন্ত্রীর সফর স্থগিত

আপডেট: মার্চ ০৩, ২০২৬ : ০৭:৫৯ এএম
উপনির্বাচনকে সামনে রেখে বগুড়ায় প্রধানমন্ত্রীর সফর স্থগিত

বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০ মার্চের সফর স্থগিত করা হয়েছে। আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত এই সফর বাতিল করা হয়েছে।

আজ মঙ্গলবার (৩ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

রেজাউল করিম বাদশা বলেন, “উপনির্বাচনের সময়ে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি পালন করলে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠতে পারে। তাই প্রধানমন্ত্রী নিয়ম মেনে সফর স্থগিত করেছেন।”

জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানিয়েছেন, প্রধানমন্ত্রী এই কর্মসূচি বাতিল করেছেন এবং পরবর্তী তারিখ পরে জানানো হবে।

এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মীর শাহে আলম ২৭ ফেব্রুয়ারি জানিয়েছেন, ১০ মার্চ প্রধানমন্ত্রীর বগুড়া সফর হবে।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর তারেক রহমান গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) ও ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। বিধি অনুযায়ী শপথের আগে বগুড়া-৬ আসন ছাড়েন। পরে নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে এবং ৯ এপ্রিল উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।

উপনির্বাচনে বিএনপি থেকে রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামী থেকে আবিদুর রহমান সোহেল, এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি থেকে আল-আমিন তালুকদার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!