জাতীয়

দক্ষ জনশক্তি গড়তে দেশে ভাষা শিক্ষা কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট: মার্চ ০৫, ২০২৬ : ০৪:২৮ পিএম
দক্ষ জনশক্তি গড়তে দেশে ভাষা শিক্ষা কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিদেশে কর্মসংস্থানের জন্য দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে দেশে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণ–সংক্রান্ত কমিটির বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। অতিরিক্ত প্রেস সচিব জানান, বেকার যুবক-যুবতীদের বিদেশে কর্মসংস্থানের উপযোগী করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশি-বিদেশি শিক্ষকদের সমন্বয়ে ভাষা শিক্ষা কেন্দ্র স্থাপনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সংশ্লিষ্ট দেশের ভাষায় দক্ষতা থাকলে তরুণদের বিদেশে চাকরি পাওয়ার সুযোগ বাড়বে।

প্রবাসী কর্মীদের কল্যাণে প্রধানমন্ত্রী আরও নির্দেশ দেন, বিদেশে যাওয়ার খরচ জোগাতে কাউকে যেন সহায়-সম্পত্তি বিক্রি করতে না হয়। এ জন্য স্বল্প সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা এবং ঋণপ্রাপ্তির প্রক্রিয়া সহজ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

বৈঠকে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নূর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমীন, মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিন আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবা বাড়াতে ফ্রি ওয়াই-ফাই চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে উন্নত দেশের মতো বিনা মূল্যে ওয়াই-ফাই সেবা চালুর জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা-১৭ আসনে মন্দির সংস্কার

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ঢাকা-১৭ আসনের একটি ক্ষতিগ্রস্ত মন্দির সংস্কারের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। অতিরিক্ত প্রেস সচিব জানান, নির্বাচনী প্রচারণাকালে মহাখালী ক্যানসার হাসপাতালের কাছে অবস্থিত একটি সনাতন ধর্মাবলম্বী উপাসনালয় সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। আগামী শনিবার সকাল ১১টায় সংস্কারকাজ শুরু হবে। এ সময় ঢাকার দুই সিটির প্রশাসক ও সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!