দেশে ধনী ও গরিবের মধ্যকার বৈষম্য কমিয়ে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রকৌশলী ইশরাক হোসেন।
আজ বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের সম্পদের একটি বড় অংশ অল্প কিছু মানুষের হাতে কুক্ষিগত হয়ে আছে। এই বৈষম্য দূর করে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করতে হবে, যাতে কেউ অনাহারে না থাকে এবং চিকিৎসা বা বাসস্থানের অভাবে কষ্ট না পায়।
২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের আর্থিক সহায়তা এবং ঈদ উপহার বিতরণের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দল কেন্দ্রীয় কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
ইশরাক হোসেন বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদের উপহার পৌঁছে দিতে তিনি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। তিনি জানান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’ গঠন করা হয়েছে। এর মাধ্যমে শহীদদের গেজেটভুক্ত করা, ক্ষতিপূরণ ও ভাতা প্রদান এবং আহতদের চিকিৎসাসেবা নিশ্চিত করার কাজ চলছে।
শহীদের তালিকা প্রসঙ্গে তিনি বলেন, কারও নাম গেজেটভুক্ত না হয়ে থাকলে পরিবার বা সংশ্লিষ্টরা জেলা প্রশাসকের মাধ্যমে অথবা সংগঠনের সহায়তায় তথ্য দিতে পারেন। যাচাই-বাছাই শেষে দ্রুত গেজেটভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
শ্রমজীবী মানুষের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, রিকশা, ভ্যান ও অটোচালকেরা কঠোর পরিশ্রম করে পরিবার চালান। বিএনপি সব সময় শ্রমজীবী মানুষের পাশে ছিল এবং থাকবে। তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে এবং শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করা বর্তমান সরকারের দায়িত্ব।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম সরকারের সভাপতিত্বে সমন্বয়ক আরিফুর রহমান তুষার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মাহফুজুর রহমানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!