বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সরকারের সব দপ্তরসহ দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজ দপ্তরে আলো ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার কমিয়ে তিনি এই আহ্বানের বার্তা দিয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসে তিনি নিজের কক্ষের অর্ধেক বাতি বন্ধ করে দেন এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে নির্ধারণ করেন। এতে বিদ্যুৎ খরচ কম হয় বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল ৯টা ১০ মিনিটে সচিবালয়ে পৌঁছে প্রধানমন্ত্রী এ উদ্যোগ নেন। পরে মন্ত্রিপরিষদ কক্ষে বৈঠকে অংশ নেওয়ার আগে সেখানেও অর্ধেক আলো বন্ধ ও এসির তাপমাত্রা কমানোর নির্দেশ দেন।
সচিবালয়ের ১ নম্বর ভবনে প্রধানমন্ত্রীর দপ্তর অবস্থিত। একই ভবনে মন্ত্রিপরিষদ বিভাগসহ প্রধানমন্ত্রীর অধীন বিভিন্ন বিভাগ রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশের পর তাঁর দপ্তরের সব কক্ষে তাৎক্ষণিকভাবে অর্ধেক লাইট বন্ধ ও এসির তাপমাত্রা সমন্বয় করা হয়।
অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রী সচিবালয়ের সব মন্ত্রণালয়, দেশের সরকারি-বেসরকারি অফিস, আদালত, শপিংমল ও অন্যান্য প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি দিনের বেলায় কৃত্রিম আলোর ব্যবহার কমিয়ে প্রাকৃতিক আলোর ওপর নির্ভর করার পরামর্শ দিয়েছেন। অফিস ও বাসাবাড়িতে জানালার পর্দা সরিয়ে সূর্যালোক ব্যবহার বাড়ানোর কথাও বলেন তিনি।
বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের এ উদ্যোগ সচেতনতার অংশ বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!