জাতীয়

ব্রয়লারের কেজি ২৩০, সপ্তাহের ব্যবধানে দাম বাড়ল ৫০ টাকা

আপডেট: মার্চ ০৬, ২০২৬ : ০৫:১৩ এএম
ব্রয়লারের কেজি ২৩০, সপ্তাহের ব্যবধানে দাম বাড়ল ৫০ টাকা

মাত্র এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে অস্বাভাবিক হারে বেড়েছে ব্রয়লার মুরগির দাম। গত সপ্তাহে ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হওয়া ব্রয়লার মুরগির কেজি এখন দাঁড়িয়েছে ২৩০ টাকায়। অর্থাৎ সাত দিনের ব্যবধানে কেজি প্রতি দাম বেড়েছে প্রায় ৫০–৬০ টাকা।

মুরগির বাজারের এই অস্থিরতা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ক্রেতাদের ওপর নতুন চাপ সৃষ্টি করেছে। শুক্রবার (৬ মার্চ) রাজধানীর নিউমার্কেটের কাঁচাবাজারসহ আশপাশের খুচরা বাজারে এমন পরিস্থিতি লক্ষ্য করা গেছে।

বাজারে দেখা যায়, ব্রয়লারের পাশাপাশি অন্যান্য জাতের মুরগির দামও চড়া। কক মুরগির কেজি বিক্রি হচ্ছে প্রায় ৩৫০ টাকায়, লেয়ার ৩৬০ টাকা এবং দেশি মুরগি ৭৩০ টাকায়। বিক্রেতারা বলছেন, সাম্প্রতিক সময়ে সরবরাহ কমে যাওয়া এবং চাহিদা বেড়ে যাওয়াই দাম বৃদ্ধির মূল কারণ। বিশেষ করে আসন্ন রমজানকে কেন্দ্র করে মুরগির চাহিদা বাড়ায় বাজারে এর বড় প্রভাব পড়েছে।

নিউমার্কেটের মুরগি বিক্রেতা মো. আলমগীর বলেন, “গত সপ্তাহেও ব্রয়লার ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি করেছি। কিন্তু কয়েক দিনের ব্যবধানে পাইকারি বাজারেই দাম বেড়ে গেছে। আমরা বেশি দামে কিনতে বাধ্য হচ্ছি, তাই খুচরায়ও দাম বেড়েছে।”

রফিকুল ইসলাম নামের একজন ক্রেতা বলেন, “এক সপ্তাহের মধ্যে এতটা দাম বাড়বে ভাবিনি। আগে ১৮০ টাকায় যে মুরগি কিনেছি, এখন সেটা ২৩০ টাকায় নিতে হচ্ছে। এতে সংসারের খরচ অনেক বেড়ে গেছে।” নাসরিন আক্তার নামের এক ক্রেতা বলেন, “মাছ-মাংস সবকিছুরই দাম বেশি। একটা মাঝারি ধরনের মুরগি নিলেই ৫৫০–৬০০ টাকা দিতে হচ্ছে। সাধারণ মানুষের জন্য এটি বড় বোঝা।”

এদিকে মাছের বাজারেও দামের তারতম্য লক্ষ্য করা গেছে। চাষের পাঙাশ ১৮০–২২০ টাকা, তেলাপিয়া ২০০–২২০ টাকা এবং রুই ৩৫০–৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। কিছু বড় আকারের নদীর মাছের দাম আরও বেশি। বিভিন্ন প্রজাতির ছোট মাছের কেজি ৪০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত ছুঁয়েছে।

সবজির বাজারেও কিছুটা দাম বৃদ্ধি দেখা গেছে। মান ও আকারভেদে বেগুন ৬০–৮০ টাকা, করলা ৮০–১০০ টাকা, ঢেঁড়স ৬০–৭০ টাকা এবং পটল ৬০–৭০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানিয়েছেন, শীতকালীন সবজির মৌসুম শেষ হওয়ায় সরবরাহ কমেছে, যার ফলে দাম কিছুটা বেড়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!