জাতীয়

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় পাট দিবসের অনুষ্ঠান উদ্বোধন করেন

আপডেট: মার্চ ০৬, ২০২৬ : ০৫:৩৬ এএম
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় পাট দিবসের অনুষ্ঠান উদ্বোধন করেন

আজ শুক্রবার জাতীয় পাট দিবস উদযাপিত হচ্ছে। সকাল সাড়ে নয়টায় জাতীয় ওসমানী স্মৃতি মিলনায়তনে দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

২০১৭ সাল থেকে প্রতিবছর ৬ মার্চ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয়ভাবে পাট দিবস পালিত হয়ে আসছে। এবারের দিবসের প্রতিপাদ্য হয়েছে ‘পাটশিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন’।

দিবস উপলক্ষে সরকারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি সারাদেশে নানান কর্মসূচি এবং রাজধানীর শিল্পকলা একাডেমি চত্বরে ১৪ মার্চ পর্যন্ত ৯ দিনব্যাপী পাট ও বহুমুখী পাটপণ্যের মেলার আয়োজন করা হয়েছে। এছাড়া রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ব্যানার ও ফেস্টুনও দেখা গেছে।

গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, পাট বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও অর্থনীতির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। তিনি জানান, সোনালি আঁশের হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে সরকার সমন্বিত কর্মপরিকল্পনা হাতে নিয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, “ফ্যাসিবাদী সরকারের সময় বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলো পুনরায় চালু করতে সরকার কাজ করছে। বাংলাদেশ জুট মিলস করপোরেশনের নিয়ন্ত্রণাধীন মিলগুলো দীর্ঘমেয়াদি ইজারায় বেসরকারি খাতে চালু রাখা হয়েছে। এ সময় ইজারাকৃত ৯টি মিলে প্রায় ৭,২০০ শ্রমিক কাজ করছেন। কাঁচা পাট রপ্তানি তুলনামূলকভাবে কম লাভজনক হওয়ায় দেশীয় শিল্প কাঁচামাল সংকটে পড়ছে। তাই প্রক্রিয়াজাত ও ফিনিশড পাটপণ্য রপ্তানিতে প্রণোদনা বাড়ানো হবে, যাতে উদ্যোক্তারা উচ্চমূল্য সংযোজনমুখী বিনিয়োগে আগ্রহী হন।”

পাট খাতের উন্নয়নে স্বল্প ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, পাট অধিদপ্তরের ১৫ ধরনের লাইসেন্স অনলাইনে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া পাট আইন সংশোধন, বিশেষ প্রণোদনা, ‘জুট পোর্টাল’ চালু, শিল্প-একাডেমি সমন্বয়, পৃথক টাস্কফোর্স গঠন এবং পাটশিল্পভিত্তিক বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা রয়েছে। তিনি জানান, আন্তর্জাতিকভাবে পরিচিতি বৃদ্ধির জন্য ‘গোল্ডেন ফাইবার অব বাংলাদেশ’ নামে ব্র্যান্ডিংয়ের কাজও চলছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!