নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির ঘোষণা করেছেন, প্রতিটি জেলা সদর থানাকে জিরো কমপ্লেইন থানা হিসেবে গড়ে তোলা হবে। একজন সার্কেল অফিসার ওই থানার কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিং করবেন।
আজ সোমবার পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা জনগণকে এমনভাবে সেবা দিতে চাই যাতে থানায় আগত মানুষ হাসিমুখে থানা থেকে ফিরে যেতে পারে। পুলিশের রিঅ্যাকশন টাইম ন্যূনতম পর্যায়ে নিয়ে আসা হবে এবং কোনো ধরনের কমপ্লেইন থাকবে না।”
আইজিপি জানান, চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও নারীর প্রতি সহিংসতার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। পুলিশের মাঠ পর্যায়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং সিআইডি আধুনিকীকরণের মাধ্যমে মামলা তদন্তের মান উন্নত করা হবে।
তিনি আরও বলেন, আসন্ন ঈদে সড়ক, নৌ ও রেলপথে নিরাপত্তা নিশ্চিত করা হবে, মহাসড়কে ডাকাতি ও চাঁদাবাজি রোধ করা হবে এবং গার্মেন্ট শ্রমিকদের বেতন-ভাতা সম্পর্কিত সমস্যা সমাধানের জন্য সমন্বয়মূলক উদ্যোগ নেওয়া হয়েছে।
আইজিপি বলেন, “জনগণ রাষ্ট্রের মূল শক্তি। জনগণের জন্য কাজ করতে বদ্ধপরিকর, জনবান্ধন পুলিশ গড়ে তুলতে সর্বাত্মক চেষ্টা চলছে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজি হিসেবে এ কে এম আওলাদ হোসেন, আকরাম হোসেন, খোন্দকার রফিকুল ইসলাম, মোসলেহ উদ্দিন আহমদ ও সরদার নূরুল আমিন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!