জাতীয়

ধর্ষকের রাজনৈতিক পরিচয় যাই থাকুক, বিচার হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট: মার্চ ০৯, ২০২৬ : ০৬:১৩ এএম
ধর্ষকের রাজনৈতিক পরিচয় যাই থাকুক, বিচার হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, নারী নির্যাতনকারী ও ধর্ষকের রাজনৈতিক পরিচয় যাই থাকুক, বাংলাদেশের আইনে তার দ্রুত বিচার নিশ্চিত করা হবে।

রোববার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় প্রতিমন্ত্রী বলেন, বিগত ১৭ বছরে দেশের প্রতিটি নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা রাজনৈতিক পরিচয় দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা হয়েছে। তবে কোনো অপরাধীর রাজনৈতিক পরিচয় থাকা উচিত নয়। বর্তমান বিএনপি সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।

তিনি জানান, বিচারাধীন অনেক মামলা থাকলেও ধর্ষকরা বাইরে ঘুরে বেড়াচ্ছে, যা প্রতিরোধে সরকার সচেষ্ট। একজনও ধর্ষক বিচারের বাইরে থাকবে না, এ বিষয়ে বিশেষ মনোযোগ দেওয়া হবে।

শামা ওবায়েদ নারীদের রাজনৈতিক ক্ষমতায়নের ওপরও গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, “তৃণমূল স্তর থেকে নারীদের অধিক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের নির্বাচনে নারীদের সুযোগ বাড়ালে সংসদ নির্বাচনে সরাসরি নির্বাচিত আরও বেশি নারী প্রতিনিধিকে দেখা যাবে।”

প্রতিমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নারী ক্ষমতায়ন উদ্যোগকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি জানান, নতুন সরকার নারীর শিক্ষা, অর্থনৈতিক নিরাপত্তা, অনলাইন হয়রানি প্রতিরোধ, ধর্ষণ ও নির্যাতনের দ্রুত বিচারসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!