দেশজুড়ে জ্বালানি তেলের তীব্র সংকট ও মানুষের চরম ভোগান্তি নিরসনে বিকল্প উৎস থেকে দ্রুত জ্বালানি সরবরাহের উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি বলেন, “দ্রুত উদ্যোগ নিয়ে আন্তর্জাতিক অংশীদার ও বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে যোগাযোগ করে জরুরি ভিত্তিতে দেশে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হোক।”
শফিকুর রহমান উল্লেখ করেন, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় তেল সংগ্রহের জন্য মানুষের যে দীর্ঘ লাইন আর ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা দেখা যাচ্ছে, তা অত্যন্ত হৃদয়বিদারক। রোজা রেখে অনেক মানুষকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কারও কারও গাড়ির তেল একেবারে ফুরিয়ে গেছে।
তিনি আরও বলেন, “সংকট শুধু সাধারণ মানুষের যাতায়াতেই নয়, বিদ্যুৎ উৎপাদন ও শিল্পকারখানার ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। সামনেই ঈদের যাত্রা শুরু হবে। এই পরিস্থিতির দ্রুত সমাধান না হলে মানুষের ঈদযাত্রা আরও কঠিন হয়ে পড়বে।”
জামায়াত আমির জানান, আগেও সরকারের প্রতি বিকল্প উৎস থেকে জ্বালানি সরবরাহের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন, কিন্তু পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। তাই তিনি পুনরায় অনুরোধ জানান, আন্তর্জাতিক অংশীদার ও বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে দ্রুত যোগাযোগ করে জরুরি ভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে।
এ সময় তিনি দেশবাসীর প্রতি ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, “এই সময়ে ধৈর্য ধরুন এবং অপ্রয়োজনে জ্বালানি ব্যবহার থেকে বিরত থাকুন। আল্লাহ আমাদের সবাইকে এই সংকট থেকে উত্তরণের তাওফিক দিন।”
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!