প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, এক মাসেরও কম সময়ের মধ্যে জনগণের কাছে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতির কাজ শুরু করা হয়েছে।
আজ মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বনানীতে কড়াইল বস্তি সংলগ্ন টিঅ্যান্ডটি খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি ঘোষণা করেন, ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির মাধ্যমে কড়াইল, ভাসানটেক ও সাততলা এলাকার প্রায় ১৫ হাজার নারীকে সুবিধার আওতায় আনা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের সরকার আগামী ৫ বছরে দেশের ৪ কোটি পরিবারকে এই ফ্যামিলি কার্ডের সুবিধা পৌঁছে দিতে সক্ষম হবে। জনগণের সমর্থন নিয়ে সরকার গঠনের এক মাসেরও কম সময়ের মধ্যে আমরা এই প্রতিশ্রুতির কাজ শুরু করেছি।”
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী ১৭টি পরিবারের নারী প্রধানের হাতে কার্ডের রেপ্লিকা তুলে দেন।
তারেক রহমান আরও বলেন, “আমরা একটি দায়িত্বশীল সরকারের ভূমিকা পালন করতে চাই। জনগণের জন্য কাজ করা এবং তাদের কাছে জবাবদিহি থাকা আমাদের মূল লক্ষ্য। ফ্যামিলি কার্ডের মতো আগামী মাসে কৃষকদের কাছে কৃষি কার্ড পৌঁছে দিতে সক্ষম হব। আমরা প্রতিশ্রুতি রক্ষা করবো।”
তিনি উল্লেখ করেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী গত সপ্তাহে কৃষকদের সুদসহ কৃষি ঋণ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফ করা হয়েছে।
উল্লেখ্য, শুরুতে দেশের ১৩ জেলার ১৫টি ওয়ার্ডে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। প্রতিটি উপজেলায় তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং তালিকা চূড়ান্ত করার জন্য বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে।
অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা ও দেশের বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!