দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। তাই আপাতত দাম বাড়ানোর কোনো পরিকল্পনাও নেই বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
আজ মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে অতীতেও কোনো সংকট ছিল না, এখনো নেই। রমজান ও ঈদ উদযাপন নির্বিঘ্ন করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। পেট্রোল পাম্পগুলোতে যেসব দীর্ঘ লাইন দেখা যাচ্ছে, তা মূলত মানুষের উদ্বেগ ও আতঙ্কের কারণে।”
তিনি বলেন, “মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির জন্য যে লম্বা লাইন তৈরি হচ্ছে, তাদের প্রধান জ্বালানি অকটেন ও পেট্রোল। এ ধরনের জ্বালানির কোনো ঘাটতি নেই। পেট্রোল প্রায় পুরোপুরি দেশেই পরিশোধিত হয়। অকটেনের একটি বড় অংশও দেশীয়, কিছু অংশ আমদানি করতে হয়। মূলত ডিজেল ও ফার্নেস অয়েল আমদানির ওপর নির্ভর। মানুষের আগেভাগে জ্বালানি নেওয়ার চেষ্টা থেকেই পাম্পে ভিড় তৈরি হচ্ছে।”
প্রতিমন্ত্রী আরও জানান, গতকাল প্রায় ৩০ হাজার টন জ্বালানি নিয়ে দুটি জাহাজ আসার কথা ছিল, যার মধ্যে একটি পৌঁছেছে এবং আরেকটি আউটার অ্যাঙ্করেজে রয়েছে। মঙ্গলবার দুপুরের মধ্যে তা থেকে জ্বালানি খালাস শুরু হবে। এছাড়া ১২ মার্চ আরও একটি জাহাজ আসার কথা রয়েছে।
ভারত থেকে জ্বালানি আমদানি প্রসঙ্গে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “ভারতের সঙ্গে একটি পাইপলাইন চুক্তির আওতায় প্রতি মাসে গড়ে ১৫ হাজার টন জ্বালানি আসছে। এর একটি বড় অংশ ইতিমধ্যে এসেছে এবং বাকি ধারাবাহিকভাবে সরবরাহ করা হচ্ছে। চুক্তিটি প্রতি বছর নবায়ন হয়, ফলে সংকটের কোনো আশঙ্কা নেই।”
প্রতিমন্ত্রী দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, “জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে অতীতেও কোনো সংকট ছিল না, এখনো নেই। তাই জনগণ আতঙ্কিত হবেন না, সরবরাহ স্বাভাবিক রয়েছে।”
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!