মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী–কে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তাকে অনতিবিলম্বে বর্তমান দায়িত্ব ত্যাগ করে দেশে ফিরে সদর দপ্তরে যোগ দিতে বলা হয়েছে।
রোববার (৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়–এর প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক মো. আবুল হাসান মৃধা স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশ দেওয়া হয়।
আদেশে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রদূত ও তার পরিবারের সদস্যরা বিধি অনুযায়ী ভ্রমণ ব্যয় ও অন্যান্য ভাতা প্রাপ্য হবেন।
এদিকে ঢাকায় সদর দপ্তরে যোগ দেওয়ার প্রজ্ঞাপনটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুশফিকুল ফজল আনসারী। সরকারি আদেশের কপি শেয়ার করে তিনি লিখেছেন, “আলহামদুলিল্লাহ।”
এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, মেক্সিকো ছাড়াও পর্তুগাল, পোল্যান্ড ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া আরও তিন রাষ্ট্রদূত— এম. মাহফুজুল হক, মো. ময়নুল ইসলাম ও মো. নাজমুল ইসলাম–কে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম–কেও প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!