অবসরপ্রাপ্ত সচিব মো. আমিনুল ইসলাম–কে ঢাকা ওয়াসা–র নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ অনুযায়ী মো. আমিনুল ইসলামকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা–সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
এর আগে গত রোববার (৮ মার্চ) ঢাকা ওয়াসার তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম ব্যাপারী পদত্যাগ করেন। তাঁর পদত্যাগের এক দিন পর স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মুহা. মনিরুজ্জামান–কে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ওয়াসার এমডির দায়িত্ব দেওয়া হয়েছিল।
নতুন নিয়োগের মাধ্যমে সংস্থাটি এখন পূর্ণকালীন ব্যবস্থাপনা পরিচালক পেল।
মো. আমিনুল ইসলাম ২০২১ সালে যুগ্মসচিব হিসেবে অবসরে যান। সে সময় তিনি জাতীয় নদী রক্ষা কমিশন–এর সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরে অন্তর্বর্তী সরকারের সময় ২০২৫ সালে তিনি সচিব পদে ভূতাপেক্ষ পদোন্নতি পান।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!