জাতীয়

সরকারকে বিব্রত করার চেষ্টা না করার আহ্বান মির্জা আব্বাসের

আপডেট: মার্চ ১১, ২০২৬ : ০৬:২৫ এএম
সরকারকে বিব্রত করার চেষ্টা না করার আহ্বান মির্জা আব্বাসের

দেশের বর্তমান পরিস্থিতিতে সরকারকে বিব্রত করার মতো কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন মির্জা আব্বাস। তিনি বলেন, দাবি-দাওয়া জানানোর বিভিন্ন পদ্ধতি আছে, তবে অস্থিতিশীলতা সৃষ্টি করে সরকারকে বিব্রত করার চেষ্টা করা ঠিক নয়।

মঙ্গলবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ–এর মিলনায়তনে আয়োজিত এক ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি।

মির্জা আব্বাস বলেন, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা গেছে। তিনি বলেন, “এই সরকার নির্বাচিত সরকার। আপনারা ভাববেন না যে এটি রাতের অন্ধকারে ভোটের সরকার।”

তিনি আরও বলেন, “স্লোগান দিয়ে নিজেদের দাবি তুলে ধরতে পারেন। তবে দাবি জানানোর একটি নিয়ম বা পদ্ধতি আছে। দেশে বর্তমান পরিস্থিতিতে দয়া করে সরকারকে বিব্রত করার চেষ্টা করবেন না।”

কিছু লোক ক্ষমতায় যাওয়ার আশায় দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিতে চাইছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, পবিত্র রমজান মাসে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং অপপ্রচার বা মিথ্যা বক্তব্য থেকে বিরত থাকতে হবে।

মির্জা আব্বাস বলেন, তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা দীর্ঘদিনের। “অনেকের জন্মও তখন হয়নি। তাই মিথ্যা অভিযোগ বা অপবাদ দিয়ে কাউকে খাটো করার চেষ্টা করা ঠিক নয়।”

তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই কিছু উদ্যোগ নিয়েছে। এর মধ্যে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধনের কথা উল্লেখ করে তিনি বলেন, “সরকারের এক মাসও পূর্ণ হয়নি। এর মধ্যেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে। সামনে কৃষক কার্ডসহ আরও উদ্যোগ আসবে।”

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি শাহরিয়ার নাঈম–এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন, নুরুল হক নুর, সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ এবং ফরিদুজ্জামান ফরহাদসহ অন্যরা।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!