জাতীয়

তারেক রহমান শুধু বিএনপির নয়, দেশের প্রধানমন্ত্রী: পানি সম্পদ মন্ত্রী

আপডেট: মার্চ ১১, ২০২৬ : ০৬:৫২ এএম
তারেক রহমান শুধু বিএনপির নয়, দেশের প্রধানমন্ত্রী: পানি সম্পদ মন্ত্রী

পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগের প্রধানমন্ত্রীদের মতো নন; তিনি জনগণের প্রধানমন্ত্রী এবং দেশপ্রেমিক।

“তারেক রহমান ১ মাস হলো প্রধানমন্ত্রীর শপথ নিয়েছেন, ইতিমধ্যেই জনগণের বিবেককে নাড়া দিয়েছেন যে, তারেক রহমানের পক্ষে সম্ভব দেশ পরিচালনা করা। তিনি বলেন, আমি বিএনপির প্রধানমন্ত্রী না, কোনো নির্দিষ্ট গোষ্ঠীর না, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী।”

মন্ত্রী মঙ্গলবার লক্ষ্মীপুরে সনাতনী সম্প্রদায়ের আয়োজনে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রম কোনো গোষ্ঠীর জন্য নয়, দেশের মানুষের জন্য। কার্ডটি পরিবারের গৃহিণীর নামে প্রদান করা হবে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান পাইলট প্রকল্প কার্যক্রম শুরু করেছেন এবং নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন।

মন্ত্রী হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বলেন, “নিজেদের ছোট মনে করার কোনো সুযোগ নেই। বিএনপির রাজনীতি সকল ধর্মের প্রতি সম্মানজনক। সবাইকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতি বাস্তবায়িত হয়। যারা মুখে ইনসাফ-ন্যায়ের কথা বলে, প্রকৃতপক্ষে তারা তা পালন করেননি।”

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া এর নেতৃত্বে ইনসাফের রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছিল। “আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে দেশ গড়ে তোলা হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শঙ্কর মজুমদার, কেন্দ্রীয় যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শিমুল সাহা, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাবিবুর রহমানসহ অন্যান্য অতিথিরা।

এর আগে পৌর যুবদলের আয়োজনে মন্ত্রী অংশ নেন লক্ষ্মীপুর পাবলিক লাইব্রেরি ও টাউন হলে অনুষ্ঠিত ইফতার মাহফিলে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!