স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “আমরা সংবিধান মেনেই এ পর্যন্ত এসেছি। সংবিধান মেনে চলছি এবং সামনেও সংবিধান মেনে চলার আশা রাখি।”
আজ মঙ্গলবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল পূর্ববর্তী ‘গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার সুরক্ষা ও সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকারের প্রতি আইনজীবী সমাজের প্রত্যাশা’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জুলাই জাতীয় সনদের প্রতি আমরা শতভাগ অঙ্গীকারবদ্ধ। আমরা তা মেনে চলছি, বরং যারা সমালোচনা করছে তারা সম্প্রতি স্বাক্ষর করেছে।” তিনি আরও বলেন, “সংবিধান মেনেই এই পর্যন্ত এসেছি এবং সংবিধান মেনে চলছি। সামনেও আমরা সংবিধান মেনে চলার প্রত্যাশা রাখি।”
সালাহউদ্দিন আহমদ সংবিধান ও গণভোট সংক্রান্ত প্রক্রিয়া বিস্তারিতভাবে ব্যাখ্যা করে বলেন, “গণভোটের রায়কে সম্মান করতে হলে জাতীয় সংসদে আলোচনা, আইন প্রণয়ন ও সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে শপথ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যে শপথ জবরদস্তিমূলকভাবে পড়ানো হয়েছে, তা সংবিধান রক্ষিত হয়েছে কিনা তা সুপ্রিম কোর্টের দায়িত্ব।”
মন্ত্রী আরও উল্লেখ করেন, “আমরা জুলাই জাতীয় সনদকে অস্বীকার করি না। প্রতিশ্রুতির পাশাপাশি বিএনপি নির্বাচনী ইশতেহারের সকল প্রতিশ্রুতিও বাস্তবায়ন করব। এছাড়া অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ জাতীয় সংসদে উপস্থাপন ও যাচাই হবে।”
তিনি বলেন, “গণতন্ত্রের মাঠে বিতর্ক ও আলোচনার মাধ্যমে জনগণ যা চাইবে, যা আইনসম্মত ও সাংবিধানিক হবে, সেটিই বাস্তবায়িত হবে।”
অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল। সভাপতিত্ব করেন জয়নুল আবেদীন। অনুষ্ঠানে বিভিন্ন আইনজীবী ও ফোরামের কেন্দ্রীয় ও সুপ্রিম কোর্ট ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!