জাতীয়

পদ–পদবির জন্য নয়, দেশ রক্ষার লক্ষ্যেই সংগঠন গড়ে তোলা হচ্ছে: ইশরাক হোসেন

আপডেট: মার্চ ১২, ২০২৬ : ০৪:৫১ এএম
পদ–পদবির জন্য নয়, দেশ রক্ষার লক্ষ্যেই সংগঠন গড়ে তোলা হচ্ছে: ইশরাক হোসেন

রাজনৈতিক পদ–পদবির জন্য নয়, বরং দেশ ও জাতিকে রক্ষার লক্ষ্যেই একটি শক্তিশালী সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

বুধবার রাজধানীর সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টার-এ বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, ‘আমরা শুধু সংগঠন করার জন্য বা নামের আগে কোনো পদবি লাগানোর জন্য এই সংগঠন করতে চাই না। এখন আমাদের দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। তাই অনেকেই আমাদের সঙ্গে যুক্ত হতে চাইবে। এ বিষয়ে আমরা অত্যন্ত সতর্ক থাকব।’

তিনি অভিযোগ করে বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হয়েছে। বিভিন্ন সময়ে আধিপত্যবাদী শক্তি দেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করেছে এবং জনগণের অধিকার ক্ষুণ্ন করেছে। তাঁর ভাষ্য, গত ১৭ বছরে দেশে সহিংসতা বেড়েছে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে রাজনৈতিকভাবে ব্যবহার ও বিকৃত করা হয়েছে।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এমন একটি সংগঠন গড়ে তোলা হবে, যাতে দেশের প্রয়োজনে বা কোনো সংকটে মুক্তিযুদ্ধের প্রজন্ম সবার আগে দেশের পক্ষে দাঁড়াতে পারে। তিনি বলেন, ‘আমাদের বাবারা ও দাদারা সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেছেন। ভবিষ্যতে দেশ কোনো হুমকির মুখে পড়লে মুক্তিযুদ্ধের প্রজন্ম যেন সবার আগে ঢাল হয়ে দাঁড়াতে পারে—সেই লক্ষ্যেই দেশব্যাপী এই সংগঠন গড়ে তোলা হবে।’

তিনি আরও বলেন, সংগঠনটিকে রাজনৈতিক ক্যারিয়ার গড়ার মাধ্যম হিসেবে ব্যবহার করার কোনো পরিকল্পনা নেই। পবিত্র রমজান মাসের কারণে সাংগঠনিক কার্যক্রম কিছুটা ধীরগতিতে চলছে, তবে ঈদের পর কেন্দ্র থেকে শুরু করে জেলা ও মহানগর পর্যায়ে সম্মেলনের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল-এর সভাপতি ইশতিয়াক আজিজুল উলফাত এবং মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সদস্যসচিব কে এম কামরুজ্জামান নান্নু প্রমুখ।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!