চীনের ভাইস মিনিস্টার সুন ওয়েইডং দুই দিনের সফরে আগামী ২ এপ্রিল ঢাকায় আসছেন। নতুন সরকার গঠনের পর এটি চীন থেকে ঢাকায় উচ্চপর্যায়ের প্রথম সফর হবে।
সফরের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশ ও চীনের ১৪তম পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। বৈঠকে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতার নতুন সম্ভাবনার বিষয়ে আলোচনা হবে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সুন ওয়েইডং-এর সফর নিয়ে আলোচনা করেন। এ সময় প্রধানমন্ত্রী’র পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় আশা করছে, এই বৈঠকে বাংলাদেশ-চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা হবে এবং পারস্পরিক স্বার্থে সহযোগিতার নতুন উপায়গুলো উদ্ভাবনের সুযোগ তৈরি হবে। ঢাকায় থাকাকালে সুন ওয়েইডং সরকারি উচ্চপর্যায়ের কর্মকর্তা ও নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
বাংলাদেশের উন্নয়ন যাত্রায় চীনের অবদানের কথা স্বীকার করে পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেছেন যে, নতুন সরকার গঠনের পর এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন গতি দেবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!