দীর্ঘদিন ধরে আটকে থাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এর তৃতীয় টার্মিনাল চালু করার বিষয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আবারও আলোচনায় বসছে সরকার। এ লক্ষ্যে শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, বৈঠকে জাপানি কনসোর্টিয়ামের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)–এর প্রতিনিধিরা।
নতুন বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর এটাই হবে এ বিষয়ে প্রথম আনুষ্ঠানিক আলোচনা। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা চুক্তিগত ও পরিচালনসংক্রান্ত জটিলতা নিরসন করে টার্মিনালটি দ্রুত চালুর পথ খুঁজতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সূত্রের ভাষ্য, মূলত টার্মিনাল ব্যবস্থাপনা, পরিচালন নিয়ন্ত্রণ এবং আয়ের অংশীদারিত্ব নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো না যাওয়ায় আগের অন্তর্বর্তী সরকারের সময় প্রকল্পটি চালু করা সম্ভব হয়নি।
আগামীকালের বৈঠকের ফলাফল শনিবার প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। সেখান থেকেই পরবর্তী নীতিগত সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।
২০১৭ সালে অনুমোদন পাওয়া এবং ২০১৯ সালে যার নির্মাণকাজ শুরু হয়, সেই তৃতীয় টার্মিনাল প্রকল্পের ব্যয় প্রায় ২১ হাজার ৩৯৮ কোটি টাকা। বর্তমানে প্রকল্পের কাজ ৯৯ শতাংশের বেশি সম্পন্ন হয়েছে। ২০২৩ সালের অক্টোবরে সফট উদ্বোধন করা হলেও এখনো টার্মিনালটির পূর্ণাঙ্গ বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়নি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!