আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গত ৩ থেকে ৯ মার্চ পর্যন্ত বাংলাদেশ রেলওয়ে অনলাইন প্ল্যাটফর্মে প্রায় ৩৭ লাখ মানুষ ট্রেনের টিকিট সংগ্রহের চেষ্টা করেছেন। আজ শুক্রবার (১৩ মার্চ) ঈদযাত্রার প্রথম দিনে ঢাকার প্রধান রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে এ তথ্য জানান রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।
মন্ত্রী বলেন, “আমরা ৩ তারিখ থেকে ১০ দিন আগের টিকিট ধারাবাহিকভাবে অনলাইনে ছেড়েছিলাম। অনলাইনে ব্যাপক চাপ ছিল; প্রায় ৩৭ লাখ মানুষ টিকিট কিনতে চেয়েছেন। তবে আমাদের সক্ষমতা অনুযায়ী আমরা ৩৬ হাজারের মতো টিকিট বিক্রি করতে পেরেছি।”
তিনি আরও জানান, এখন পর্যন্ত ২১টি ট্রেন স্টেশন ছেড়ে গেছে এবং প্রায় সবগুলোই নির্ধারিত সময়ে ছাড়িয়েছে। মাত্র দুটি ট্রেন কিছুটা বিলম্বে ছেড়েছে। যাত্রীদের সাথে কথা বলে মন্ত্রী আশ্বস্ত করেছেন যে, রেলের সেবার মান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও উন্নত হবে।
মানুষের স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে মিটার গেজে ১২৪টি এবং ব্রড গেজে ১৪টি কোচ যুক্ত করা হয়েছে। বর্তমানে প্রতিদিন ৩৬ থেকে ৪২ হাজার মানুষকে সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে। যাত্রার শেষ মুহূর্তে ছাদে বা অন্য কোনো উপায়ে ট্রেনে ওঠার বাড়তি চাপ কমাতে রেলওয়ে যথাসাধ্য চেষ্টা করছে।
রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সচিব ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!