জাতীয়

ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ

আপডেট: মার্চ ১৪, ২০২৬ : ০৫:৪৩ এএম
ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে দেশের সব শিল্পকারখানার শ্রমিকদের বকেয়া বেতন ও উৎসব বোনাস ঈদের ছুটির আগেই পরিশোধের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, শ্রমিকদের প্রাপ্য পাওনা নিয়ে কোনো ধরনের জটিলতা সৃষ্টি হওয়া যাবে না।

শুক্রবার রাজধানীর বেইলি রোডে মন্ত্রীর সরকারি বাসভবনে তৈরি পোশাক (আরএমজি) ও নন-আরএমজি খাতে সম্ভাব্য শ্রম অসন্তোষ নিরসনসংক্রান্ত এক উচ্চপর্যায়ের সভায় তিনি এসব কথা বলেন।

সভায় শ্রমমন্ত্রী বলেন, ঝুঁকিপূর্ণ কারখানাগুলোর তালিকা সংসদীয় এলাকা ভিত্তিতে তৈরি করে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের কাছে দেওয়া হবে। তাঁরা সরাসরি কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বকেয়া বেতন ও বোনাস দ্রুত পরিশোধের ব্যবস্থা করবেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা থাকা সত্ত্বেও কিছু ব্যাংক শিল্পকারখানাকে ঋণ দিতে গড়িমসি করছে। এসব ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ঋণপ্রদান নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে।

শ্রমমন্ত্রী বলেন, কিছু শ্রমিক নেতা অযথা উত্তেজনা সৃষ্টি করে শিল্পখাতে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় সংসদ সদস্যদেরও ভূমিকা রাখতে হবে।

সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন বলেন, সরকার গঠনের ১৮০ দিনের মধ্যে অগ্রাধিকারভিত্তিতে বন্ধ কারখানাগুলো চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। শ্রমিকদের সমস্যা সমাধানে কঠোর নজরদারির নির্দেশনা রয়েছে বলেও তিনি জানান।

সভায় বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি–এর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ঢাকা ও চট্টগ্রামে চালু থাকা ২ হাজার ১২৭টি কারখানার মধ্যে ১ হাজার ৯৬৪টি কারখানা ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করেছে এবং ১ হাজার ৫৩৫টি কারখানা ঈদের বোনাস দিয়েছে।

অন্যদিকে বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি–এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, দেশের ৮৩৪টি কারখানার মধ্যে ৫১২টি ফেব্রুয়ারি মাসের বেতন এবং ৬০৪টি ঈদের বোনাস পরিশোধ করেছে।

সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার বলেন, আপদকালীন একটি তহবিল গঠন করা গেলে শ্রমিকদের বেতন-বোনাসসংক্রান্ত সমস্যা স্থায়ীভাবে সমাধান করা সম্ভব হতে পারে।

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!