জাতীয়

তদবির নয়, সব ক্ষেত্রে মেধাকে গুরুত্ব দেওয়ার কথা বললেন মির্জা ফখরুল

আপডেট: মার্চ ১৪, ২০২৬ : ০৫:৪৯ এএম
তদবির নয়, সব ক্ষেত্রে মেধাকে গুরুত্ব দেওয়ার কথা বললেন মির্জা ফখরুল

তদবির বা সুপারিশের পরিবর্তে সব ক্ষেত্রে মেধাকে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতেই সুযোগ দেওয়ার নীতি অনুসরণ করবে।

শুক্রবার বিকেলে রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তন–এ ঠাকুরগাঁও জেলা সমিতির আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অনেক তরুণ শুধু চাকরির পেছনে ঘুরে বেড়ান। কিন্তু চাকরির সুযোগ সীমিত হওয়ায় তরুণদের আত্মকর্মসংস্থানের দিকে বেশি মনোযোগ দিতে হবে। তিনি বলেন, ছোট ছোট উদ্যোগ ও বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব।

স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, সকাল থেকে গভীর রাত পর্যন্ত নানা ধরনের তদবিরের চাপ থাকে, বিশেষ করে পদায়ন বা পোস্টিং নিয়ে। তবে এসব বিষয়কে প্রধান গুরুত্ব দিলে কাজের পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে।

নিজ জেলা ঠাকুরগাঁওয়ের উন্নয়নের কথাও তুলে ধরেন তিনি। সেখানে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, চার লেন সড়ক নির্মাণসহ অবকাঠামোগত উন্নয়ন এবং স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের কথা জানান মন্ত্রী।

অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা সমিতির সদস্যসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!