জাতীয়

কারিগরি পদে যোগ্য প্রকৌশলীদের নিয়োগে গুরুত্বারোপ: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আপডেট: মার্চ ১৪, ২০২৬ : ০৩:০৬ পিএম ২২
কারিগরি পদে যোগ্য প্রকৌশলীদের নিয়োগে গুরুত্বারোপ: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
আইইবি মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন মীর শাহে আলম।

ঢাকা: রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি দেশের উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর ও টেকসই করতে কারিগরি পদে দক্ষ ও যোগ্য প্রকৌশলীদের নিয়োগ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন।

আইইবি সদর দপ্তর, ঢাকা কেন্দ্র এবং ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলী, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং অতিথিরা অংশ নেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, দেশের মেধাবী শিক্ষার্থীদের একটি বড় অংশ প্রকৌশল ও চিকিৎসা বিজ্ঞানের মতো প্রতিযোগিতামূলক ক্ষেত্রে উচ্চশিক্ষা অর্জন করে। কঠোর পরিশ্রম ও অধ্যবসায় দিয়ে তারা পেশাগত জীবনে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। দেশের অবকাঠামোগত উন্নয়ন, নগর পরিকল্পনা, শিল্পায়ন এবং প্রযুক্তিগত অগ্রগতিতে তাদের অবদান অপরিসীম।

তিনি সতর্ক করেন, প্রশাসনিক জটিলতার কারণে কারিগরি পদে অকারিগরি জনবল নিয়োগ দেওয়া হলে প্রকল্প বাস্তবায়নে প্রযুক্তিগত দক্ষতার ঘাটতি দেখা দেয় এবং প্রকল্পের গুণগত মান ও বাস্তবায়ন গতিও ক্ষতিগ্রস্ত হয়। সড়ক, সেতু, ফ্লাইওভার, মেট্রোরেল, বন্দর উন্নয়ন, পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়নসহ প্রায় প্রতিটি খাতে প্রকৌশল নির্ভর।

মীর শাহে আলম বলেন, উন্নয়ন প্রকল্পগুলোর কার্যকর বাস্তবায়ন ও টেকসই ফলাফল নিশ্চিত করতে কারিগরি পদে প্রকৌশলীদের যথাযথ নিয়োগ অপরিহার্য। যে ব্যক্তি যে বিষয়ে দক্ষ, তাকে সেই কাজে দায়িত্ব দেওয়া হলে কাজের মান ও গতি দুইই বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের সার্বিক উন্নয়ন ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। প্রযুক্তি, উদ্ভাবন ও দক্ষ মানবসম্পদের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই প্রেক্ষিতে প্রকৌশলীদের যথাযথ মর্যাদা ও দায়িত্ব প্রদান করা সময়ের দাবি।

প্রতিমন্ত্রী বলেন, দেশের উন্নয়নকে আরও গতিশীল, ফলপ্রসূ ও টেকসই করতে কারিগরি পদে কারিগরি জনবল নিয়োগের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা প্রয়োজন। এতে উন্নয়ন প্রকল্পগুলোর মান ও স্থায়িত্ব নিশ্চিত করা সম্ভব হবে। তিনি প্রকৌশলীদের দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

Tags:
মীর শাহে আলম আইইবি ইফতার মাহফিল কারিগরি পদে প্রকৌশলী নিয়োগ

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!