প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। এখন থেকে মানুষ আর্থিক সামর্থ্যের ভিত্তিতে নয়, প্রয়োজন অনুযায়ী চিকিৎসাসেবা পাবেন।
শনিবার রাজধানীর জাতীয় সংসদের এলডি হল সংলগ্ন মাঠে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত দুস্থ শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ, আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, এমন স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা হবে যাতে চিকিৎসা নিতে গিয়ে কোনো মানুষকে সর্বস্বান্ত হতে না হয়। মানসম্মত চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে।
তিনি বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবাকে দেশের স্বাস্থ্যব্যবস্থার মূলভিত্তি হিসেবে গড়ে তোলা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করা এবং সেগুলোকে মা ও শিশুদের স্বাস্থ্যসেবার কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
স্বাস্থ্যকর্মীদের অধিকার, নিরাপত্তা ও পেশাগত উন্নয়ন নিশ্চিত করার কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি মেডিকেল শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং চিকিৎসা বর্জ্যের নিরাপদ ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত থাকতে হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে দালালমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ। ড্যাবের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে দুস্থ শিশু, জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিরা এবং বিগত বছরগুলোতে গুম ও হত্যার শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!