জাতীয়

নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন

আপডেট: মার্চ ১৬, ২০২৬ : ০৬:০৫ এএম
নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়ার কোনো নজির গত সাত দিনে পাওয়া যায়নি। বরং পরিবহন মালিকরা যাত্রী আকৃষ্ট করতে খুশিতেই নির্ধারিত ভাড়ার চেয়ে কম নিচ্ছেন।

মন্ত্রী জানান, “যদি সরকারি ভাড়া ৭০০ টাকা হয়, তবে মালিকরা ৬০০ বা ৬৮০ টাকা নিচ্ছেন। কোনোটা নির্ধারিত ভাড়া অতিক্রম করছে না। হয়তো আগে নেওয়া ভাড়ার তুলনায় কিছুটা বেশি, কিন্তু সরকারি সীমার চেয়ে নয়।”

তিনি সোমবার সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনকালে বলেন, বাস পার্কিং নিয়ে সাময়িক কিছু সমস্যার সমাধান আগামী দুই-তিন দিনের মধ্যে করা হবে। আইনশৃঙ্খলা বাহিনী, ভলান্টিয়ার, বিআরটিএ এবং মালিক-শ্রমিক সমিতির প্রতিনিধি সমন্বিতভাবে কাজ করছেন।

মন্ত্রী আরও বলেন, “নির্ধারিত টাকার চেয়ে এক টাকাও বেশি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। মোবাইল কোর্ট, ভিজিলেন্স টিম ও পুলিশের কন্ট্রোল রুম রয়েছে। যেকোনো যাত্রী অভিযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”

জ্বালানি তেলের বিষয়ে তিনি জানান, গণপরিবহনের জন্য পর্যাপ্ত তেল সরবরাহ নিশ্চিত করা হয়েছে এবং দাম বৃদ্ধি হয়নি। ফিটনেসবিহীন গাড়ি চলানো সম্পূর্ণ নিষিদ্ধ এবং এই বিষয়ে সতর্কতা অব্যাহত রয়েছে।

মন্ত্রী আশা প্রকাশ করেন, এবার ঈদযাত্রায় জনগণ বাস, ট্রেন বা লঞ্চ স্টেশন থেকে স্বস্তি ও নিরাপদ ভ্রমণের সুযোগ পাবেন।

উল্লেখ্য, এ সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম প্রমুখ।

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!