জাতীয়

২০ বছর পর নিয়োগ পাচ্ছেন ৩৩০ পুলিশ সদস্য

আপডেট: মার্চ ১৭, ২০২৬ : ০৬:০৫ এএম
২০ বছর পর নিয়োগ পাচ্ছেন ৩৩০ পুলিশ সদস্য

প্রায় দুই দশক আগে নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ পড়া ৩৩০ জন পুলিশ সদস্যকে চাকরিতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০০৬ সালে চূড়ান্তভাবে নির্বাচিত হলেও বিভিন্ন কারণে নিয়োগ পাননি তারা।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-২ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ওই সময়ের নিয়োগ বাতিলের আদেশ প্রত্যাহার করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ২০০৬ সালে ১২৩ জন পুলিশ সার্জেন্ট এবং ২০৭ জন সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) হিসেবে বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ সে সময় বাতিল করা হয়েছিল। এখন সেই সিদ্ধান্ত বাতিল করে নির্দিষ্ট শর্তে তাদের নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, নিয়োগ প্রক্রিয়া বাতিল না হলে তারা যেদিন চাকরিতে যোগ দিতেন, সেই সময় থেকেই তাদের জ্যেষ্ঠতা গণনা করা হবে।

এছাড়া মৌলিক প্রশিক্ষণ ও শিক্ষানবিশকাল মিলিয়ে সর্বোচ্চ দুই বছর নির্ধারণ করা হয়েছে। লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়–এর বিধি অনুসারে তাদের গ্রেডেশন তালিকা নির্ধারণ করা হবে।

নিয়োগের আগে প্রার্থীদের কাগজপত্র যাচাই ও পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ পুলিশ–এর মহাপরিদর্শককে নির্দেশ দেওয়া হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!