জাতীয়

জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট: মার্চ ১৭, ২০২৬ : ০৬:৪৫ এএম
জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়ায় দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মানুষের উপকার করা এবং তাদের ভাগ্যের পরিবর্তন করাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির মূল লক্ষ্য।

তিনি বলেন, “কৃষক ভালো থাকলে দেশের মানুষও ভালো থাকবে”—এই বিশ্বাস থেকেই কৃষি ও গ্রামীণ উন্নয়নে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে জানান, সাহাপাড়া খাল পুনঃখননের মাধ্যমে প্রায় ৩১ হাজার কৃষক সরাসরি সেচ সুবিধা পাবেন। খালের পানি ব্যবহার করে প্রায় ১,২০০ হেক্টর জমি সেচের আওতায় আসবে এবং প্রায় সাড়ে তিন লাখ মানুষ এর সুবিধা ভোগ করতে পারবেন। তিনি আশা প্রকাশ করেন, খাল চালু হলে ফসল উৎপাদন বর্তমানের তুলনায় প্রায় ৬০ হাজার মেট্রিক টন বৃদ্ধি পাবে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের কৃষি প্রধান পেশা হিসেবে গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়নে খাল খনন জরুরি। বর্ষার অতিরিক্ত পানি সংরক্ষণ ও শুষ্ক মৌসুমে সেচ সুবিধা নিশ্চিত করতে খাল খনন কার্যক্রম কার্যকর হবে। আগামী পাঁচ বছরে দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। খালের দুই পাশে বৃক্ষরোপণ এবং চলাচলের সুবিধার জন্য রাস্তা নির্মাণের উদ্যোগও নেওয়া হবে।

তারেক রহমান কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালুর পরিকল্পনা তুলে ধরেন। এর মাধ্যমে ক্ষুদ্র, মাঝারি ও ছোট কৃষকরা বিভিন্ন সরকারি সুবিধা পাবেন। এছাড়া দেশের চার কোটি পরিবারের মায়েদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিও চালু করা হচ্ছে।

উত্তরাঞ্চলের কৃষিনির্ভর এলাকায় শিল্প স্থাপনের উদ্যোগ এবং স্থানীয় তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে জানান তিনি। প্রধানমন্ত্রীর লক্ষ্য, মানুষের মাসে পাঁচ হাজার টাকার আয় আগামী কয়েক বছরের মধ্যে দ্বিগুণ করা।

তিনি বলেন, “মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানোই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কৃষকের বন্ধু ছিলেন। বর্তমান সরকারও কৃষকের পাশে দাঁড়াচ্ছে।”

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মন্ত্রিগণ, সংসদ সদস্য এবং অন্যান্য রাজনৈতিক নেতারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

খাল খনন কার্যক্রম সফল করতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এলাকাবাসীর সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!