জাতীয়

অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট: মার্চ ১৭, ২০২৬ : ০৬:৪৯ এএম
অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

সন্ত্রাসবাদ, মাদক, মানবপাচার ও দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশ সরকারের কঠোর ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মন্ত্রী আজ ‘গ্লোবাল ফ্রড সামিট ২০২৬’-এর এক বিশেষ অধিবেশনে ‘ন্যাশনাল কমিটমেন্ট প্লেজ অন কমব্যাটিং ফ্রড’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে অস্ট্রিয়ার ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারে স্থানীয় সময় বিকেলে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের সেশনে প্যানেলিস্ট হিসেবে বক্তব্য দেন। তিনি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও অপরাধ দমনে সরকারের সুদৃঢ় অবস্থান তুলে ধরেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানি লন্ডারিং ও আর্থিক জালিয়াতি রোধে সরকার সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করেছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিভিন্ন খাতে কঠোর তদারকি ব্যবস্থা কার্যকর করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, ‘মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২’ এবং ‘পারস্পরিক আইনগত সহায়তা আইন ২০১২’-এর সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে।

আন্তর্জাতিক অপরাধী চক্রের বিরুদ্ধে বৈশ্বিক আইনি সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী জানান, প্রযুক্তিনির্ভর অপরাধ শনাক্তকরণে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত সিস্টেমের মাধ্যমে অপরাধ শনাক্তকরণ ও দমন বাংলাদেশ বিশেষ গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, “নতুন বাংলাদেশে কোনো অপরাধীর জায়গা নেই। আমরা অভ্যন্তরীণভাবেই নয়, আন্তর্জাতিক কনভেনশন ও প্রোটোকল অনুসরণের মাধ্যমে বিশ্বজুড়ে অপরাধ দমন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

সেশনে উপস্থিত বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা বাংলাদেশের পদক্ষেপ ও আধুনিক প্রযুক্তিনির্ভর অপরাধ দমন কৌশল প্রশংসা করেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!