জাতীয়

গাবতলীতে ঢাকাফেরা শুরু, বাড়িও যাচ্ছেন অনেকে

আপডেট: মার্চ ২৫, ২০২৬ : ০৬:৫৪ এএম
গাবতলীতে ঢাকাফেরা শুরু, বাড়িও যাচ্ছেন অনেকে

ঈদুল ফিতরের টানা ছুটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রাজধানী ঢাকায় ফেরার মানুষের ভিড় দেখা দিয়েছে। সরকারি-বেসরকারি অফিসের ছুটি শেষ হওয়ায় কর্মব্যস্ততা ফিরলেও একই সঙ্গে অনেকে বাড়ি যাওয়ার জন্যও ঢাকাকে ত্যাগ করছেন।

আজ বুধবার (২৫ মার্চ) গাবতলী বাস টার্মিনালে সরেজমিন দেখা গেছে, যাত্রীবোঝাই দূরপাল্লার বাসগুলো ধীর গতিতে চলাচল করছে। অগ্রিম টিকিটধারীরা বাসে উঠে ইতোমধ্যেই ঢাকায় ফিরেছেন।

ঢাকাফেরত যাত্রী মো. কামরুল বলেন, “অগ্রিম টিকিট কেটে রেখেছিলাম। ঢাকায় ফেরার পথে কোনো ভোগান্তি হয়নি, স্বস্তিতেই ফিরেছি।” আরেক যাত্রী রাকিবুল ইসলাম জানান, “পথে কোনো বড় জ্যাম হয়নি। সবমিলিয়ে ভালোভাবেই ঢাকায় ফিরতে পেরেছি।”

ঢাকায় ফেরার পাশাপাশি আজও অনেকে রাজধানী ছাড়ছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) এবং পরবর্তী দুইদিন সরকারি ছুটিসহ মোট তিন দিনের ছুটি কাটাতে মানুষ বাড়ি যাচ্ছেন। মাগুরাগামী যাত্রী কাউছার আহমেদ বলেন, “এবার ঈদে অফিসে কাজ করতে হয়েছে। এখন ছুটি পেয়েছি, তাই বাড়ি যাচ্ছি।” চুয়াডাঙ্গাগামী আলম শেখ জানান, “ঈদটা ঢাকাতেই কাটিয়েছি। আজ বাড়ি যাচ্ছি, রোববার সকালে ঢাকায় ফিরব।”

সাকুরা পরিবহনের কাউন্টার ম্যানেজার আল আমিন জানিয়েছেন, ঢাকার বাইরে থেকে সব ফিরতি বাস যাত্রীবোঝাই হয়ে আসছে। এ পর্যন্ত গাবতলী টার্মিনালে ছয়টি বাস পৌঁছেছে। ঢাকাও ছাড়ছে কিছু বাস, যদিও সংখ্যাটি কম। গোল্ডেন লাইন পরিবহনের কাউন্টার ম্যানেজার হাফিজুর রহমান বলেন, “ঢাকা থেকে যাত্রা শুরু করা বাসগুলো অল্প সংখ্যক যাত্রী নিয়েই চলছে। তবে ঢাকার ফিরতি বাসগুলো সম্পূর্ণ ভর্তি হয়ে আসছে। সার্বিকভাবে ঢাকাফেরায় কোনো ভোগান্তি দেখা যাচ্ছে না।”


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!