জাতীয়

এই মুহূর্তে জ্বালানি তেলের কোনো সংকট নেই: তথ্যমন্ত্রী

আপডেট: মার্চ ২৫, ২০২৬ : ০৮:২৭ এএম
এই মুহূর্তে জ্বালানি তেলের কোনো সংকট নেই: তথ্যমন্ত্রী

এই মুহূর্তে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, সরকারি পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঠিকভাবে চললে জ্বালানি সংকট মোকাবিলা করতে হবে না।

আজ বুধবার (২৫ মার্চ) বিএনপি সরকারের এক মাস পূর্তির অনুষ্ঠান উপলক্ষে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা জানান। এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা (তথ্য ও সম্প্রচার) ডা. জাহেদ উর রহমান।

মন্ত্রী বলেন, “এই মুহূর্তে বিদ্যুৎ ও জ্বালানির পরিস্থিতি স্বাভাবিক। সারা পৃথিবীতে হরমুজ প্রণালির কারণে জ্বালানি সরবরাহের ওপর প্রভাব রয়েছে, তবে আমাদের দেশ তা যথাযথভাবে সামাল দিচ্ছে। বিগত সরকারের আমলে গ্যাস উত্তোলনে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, বরং পুরো জ্বালানি ব্যবস্থা আমদানি নির্ভর রাখা হয়েছিল।”

তিনি আরও বলেন, “বর্তমানে সরকারের দক্ষ ব্যবস্থাপনায় কোনো ধরনের জ্বালানির মূল্য বৃদ্ধি হয়নি। পার্শ্ববর্তী দেশের সঙ্গে তুলনামূলকভাবে আমাদের মূল্যও কম রয়েছে। তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন খবরের কারণে প্যানিক বায়িং শুরু হয়েছে, যা অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করছে। জনসচেতনতার মাধ্যমে এই আতঙ্ক রোধ করা সম্ভব।”

মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমাদের পরিকল্পনা অনুযায়ী সবকিছু চললে কোনো সংকট দেশের জনগণকে স্পর্শ করবে না।”

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!