প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, “আমি সশস্ত্র বাহিনীর পরিবারের সন্তান। আমাদের দায়িত্ব রয়েছে যারা দায়িত্বে আছেন তাদের প্রতি। এ সশস্ত্র বাহিনীকে আমরা আরও শক্তিশালী করতে চাই।”
গতকাল বৃহস্পতিবার আগারগাঁওয়ের পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, “সশস্ত্র বাহিনী যেই কারণে গঠিত হয়েছে, আমরা সেই উদ্দেশ্যই মনে রাখব। আমরা সবাই যেন দেশের জন্য কাজ করতে পারি, ভালো থাকবেন সবাই।”
এর আগে স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত কুচকাওয়াজে প্রধানমন্ত্রী দেশপ্রেম, শৃঙ্খলা ও সামরিক সক্ষমতার এক অনন্য প্রদর্শনী হিসেবে মুগ্ধতা প্রকাশ করেন।
এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং জাতীয় কুচকাওয়াজের প্যারেড কমান্ডার নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম আসাদুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!